Tuesday, 12 June 2018

ভোজবাজির এই দুনিয়াতে

ভোজবাজির এই দুনিয়াতে

আব্দুল মান্নান মল্লিক

বাড়তে থাকে দিন বাড়তে থাকে বয়স,
লোভে পাপ পাপে মৃত্যু বড়ই আপসোস।
কি আনন্দ কি আনন্দ মোহে পড়েছি ধরা,
লুয়ে লুয়ে চিত্ত শুকাই দু'চোখে নামে খরা।
মধুর আদল গরল পানে পড়ে গেছি বাঁধা,
স্বপ্ন নাকি আদত জীবন বিশ্ব গোলকধাঁধা।
কুহকী তুই প্রবঞ্চক তুই বাঁধলি ছলেবলে,
তোর উঠানে বন্দি আমি মোহ মায়াজালে।
বিশ্বটারে দেখতে চেয়ে শতরঞ্জের কারসাজি,
দুনিয়াটা বহুরূপী ঠকবাজি আর ভোজবাজি।
স্রোত বয়ে যায় সময় যত চতুর্দিকে ফাঁকা,
যেদিকে চায় ডাইনে বাঁয়ে আমি আস্ত বোকা।
তোর দুয়ারে বৃথাই আমি পুণ্য হিসাব করি,
ধন্য জীবন বিফল গেল পাপে ডুবে মরি।
কোথায় রত্ন সোনার খনি পঙ্কিল শুধু সার,
তোর উঠানে ঘুরে ঘুরে হলাম কদাকার।
শৈশবের সেই স্বপ্ন ছিল ভাবনা ছিল অনেক,
দিন ফুরানো সাঁঝের বেলায় ভাবতে উদ্বেগ।
রূপের জৌলুস ছুটে আসে প্রমোদ উল্লাস,
অভ্যন্তরে প্রবেশ করি নোংরামিতে বাস।
দিনের শেষে পারের গুটির অঙ্ক কষে দেখি,
সব হারিয়ে ফিরে পেলাম জলে ভরা আঁখি।

Monday, 7 May 2018

উন্মাদনায় কালবৈশাখী

উন্মাদনায় কালবৈশাখী

আব্দুল মান্নান মল্লিক

নীলিমা বিতান ছায়াতলে পাখিদের গান,
শতরূপে সাজানো জগৎ ভূস্বর্গের প্রাণ।
পবনে পাবকে শিতলায় একশায়,
নিনাদিতে ডাক দেয়ে নভ পশ্চিমায়।
প্রাতম্বরে আতসবাজি মহা উল্লাস,
অম্বুদের হাতে-হাত এলোরে প্রথম মাস।
শূন্যধাবন পথের ধুলো উদ্দাম বাতাসে,
মেঘপুঞ্জ এলোমেলো উড়ে যায় আকাশে।
ক্ষণেক্ষণে বক্রপথে আলোর ঝলক,
ভূপৃষ্ঠে ছিটকে পড়ে অগ্নি-ফলক।
কাঁচা আম গড়াগড়ি কালবৈশাখী ঝড়ে,
বৃন্তে-বৃন্তে বৃক্ষশাখে কে কার উপর চড়ে।
নজরকাড়া কৃষ্ণচূড়া স্বর্ণচাঁপার জৌলুশ,
সৃষ্টি শোভন লণ্ডভণ্ড বিশ্ব ক্লান্তে বেহুশ।
নির্মমতায় আছড়ে পড়িস ভূপৃষ্ঠে বাজ,
নভস্থলে রণ সাজে তুই যে গোলন্দাজ।

Wednesday, 7 March 2018

√ তোর পরশে কলুষিত

তোর পরশে কলুষিত

আব্দুল মান্নান মল্লিক

লাঞ্ছনা আর গঞ্জনা শুধু,
পেলাম কি মা তোর কাছে?
ভালোই ছিলাম সেদিন আমি,
ছোট্ট ঘরে পথের মাঝে।।

তোর উঠানে চলতে হয় ভয়!
দেখে-শুনে ডাইনে-বাঁয়ে।
জঞ্জাল ভরা উঠান পথে,
ছাঁদা বাধে পায়ে-পায়ে।।

জনসমুদ্র পথের ভিড়ে,
হৃদয় ধু-ধু কান্না ঘরে।
চলতে চলতে থমকে দাঁড়াই!
পাপ বিজনে পথের ধারে।।

জাদুর রাণী ছলনাময়ী,
বাঁধিস না আর মোহে।
তোর বুকেতে কলুষ আমি,
নোংরা মাখি দেহে।।

অবুঝ মনে ভুলের বসে,
উৎকণ্ঠায় তোরই বক্ষে।
কেমন করে ফিরবো ঘরে
সারা গায়ে নোংরা মেখে?

Wednesday, 7 February 2018

শ্যামা ফিঙের পরচর্চা

শ্যামা ফিঙের পরচর্চা

আব্দুল মান্নান মল্লিক

ডালে বসে ফিসফিস করে শ্যামা ফিঙে।
ফিঙে বলে ব্যাপারটা কি বলতো ভেঙে।
শ্যামা বলে চুপিচুপি ফিঙের কানে,
কেউ জানেনা তুই আর আমি সংগোপনে।
শুনবে নাকি নতুন খবর আরও কিছু?
কাকের বাসায় কোকিল ছানা এতকিছু।
ভালোবাসায় বড় করে বোকা কাক,
কোকিল ছাড়া শুনবে কে তার মা ডাক?
ফিঙে বলে বলবো নাকি আসল ঘটনা,
কাকের কানে বলবো সব তুই জানিস না।
তোর বাসাতে কোকিল ছানা মেলবে ডানা,
উড়বে যেদিন কেঁদেকেটে কুল পাবিনা।
চুপ-চুপ-চুপ চু---প! শ্যামা বলে বলতে মানা।
কি করতে কি যে হবে কিছুই জানিস না।
ওই যে কুহু ডাকছে কোকিল পাহারাদারি,
কাকের পিছে টিটকারি আর খবরদারি।
ফিঙে বলে থকব না চুপ করব ঘোষণা,
সব পাখিদের ডেকে বলব আসল ঘটনা।
ডাকবে কি আর মা-মা বলে কা-কা রবে,
কুহু-কুহু গান গেয়ে সে কোকিল হবে।
চুপ করিয়ে শ্যামা বলে কিছুই বুঝিস না,
আসল কথা বলব যদি ঘরে দিবে হানা।

Sunday, 31 December 2017

এই বছর সেই বছর

এই বছর সেই বছর

আব্দুল মান্নান মল্লিক

এইতো সাথী বেশ করেছ এসেই গেছ।
নতুন সাজে আজকে তুমি কেমন আছ?
রাত জাগরণ বসে সারাক্ষণ তোমার অপেক্ষায়,
রাত বারোটা কখন হবে চেয়ে ঘড়ির কাঁটায়।
চেনা মুখ তবুও তুমি অচেনা পরিচয়ে,
পিছন চেয়ে আসছ ফিরে ঠিক সেই সময়ে।
পুরানো দিনের গ্লানি যত শিশিরে ধুয়ে নিয়ে,
শর্ষে ফুলের পাপড়ি মেখে অচেনা মুখ হয়ে।
গানে-গানে সুর মিলিয়ে পাখিদের কলতানে,
নিজেকে যতোই গোপন কর তবুও নিয়েছি চিনে।
পারলে কি আর লুকাতে আদল নিজের পরিচয়,
চিনেছি গো চিনেছি খুব চাঁদনি রাতের আলোই।
তোমার আমার আগের মত একত্রে বসবাস,
উঠছে ডুবছে চন্দ্রসূর্য তারাই ভরা আকাশ।

Wednesday, 27 December 2017

প্রণয়ী মন

প্রণয়ী মন

আব্দুল মান্নান মল্লিক

কিচিরমিচির পাখির ডাকে
ঘুম ভাঙতে দেখি।
সূয্যি মামা পূব আকাশে
মারছে উঁকিঝুঁকি।।
শর্ষে ফুলের মাথায় মাথায়
রোদ উঠেছে ওই।
পুষ্প জৌলুস রোদের হাসি
মন হল তন্ময়।।
স্বর্ণ থালায় পূবের আকাশ
মাঠে সোনার আলো।
ইচ্ছে করে মাখতে গায়ে
ঘর লাগেনা ভালো।।
শর্ষে ক্ষেতের মাঝে মাঝে
মাথা তুলেছে বক।
অশথ গাছের পাতায় পাতায়
রঙিন রোদের ঝলক।।
শিশিরে ভিজে লুটোপুটি
মৌ-হামিঙের স্নান।
কেউবা দোলে শর্ষে ফুলে
গাইছে মধুর গান।।
আলতো শিশির শীর্ষঘাসে
স্বর্ণ বিন্দু ঝরে।
মনটা কোথায় হারিয়ে গেছে
আসেনা কাছে ফিরে।।


Monday, 11 December 2017

স্পষ্ট কথা


স্পষ্ট কথা

আব্দুল মান্নান মল্লিক

মন যা চাই, 
বলে ফেলি তাই।
সত্যকে ব্যক্ত করে
সুখী হতে চাই।
যদি কথা স্পষ্ট, 
ক্ষণিকের কষ্ট। 
বিশ্বাসে আশ্বাস, 
ঈশ্বর সহায়। 
প্রিয়জন পথ খুজে
আমতা কথায়।