পাগল মন
আব্দুল মান্নান মল্লিক
আব্দুল মান্নান মল্লিক
কিচিরমিচির পাখির গানে ঘুম ভাঙতে দেখি,
সূয্যি মামা পূব আকাশে দিচ্ছে উঁকিঝুঁকি।
শর্ষে ফুলের মাথায় মাথায় রোদ উঠেছে ওই,
পুষ্প জৌলুস রোদের হাসি মন হল তন্ময়।
স্বর্ণ থালায় পূবের আকাশ মাঠে সোনার আলো,
ইচ্ছে করে মাখতে গায়ে ঘর লাগেনা ভালো।
শর্ষে ক্ষেতের মাঝে মাঝে মাথা তুলেছে বক,
অশথ গাছের পাতায় পাতায় রঙিন রোদের ঝলক।
শিশিরে ভিজে লুটোপুটি মৌ হামিঙের স্নান,
কেউবা দোলে শর্ষে ফুলে গাইছে মধুর গান।
আলতো শিশির শীর্ষঘাসে স্বর্ণ বিন্দু ঝরে,
মনটা সেথা হারিয়ে গেছে আসে না কাছে ফিরে।
No comments:
Post a Comment