Friday, 20 July 2018

আমার মা, আমার গাঁ

আমার মা, আমার গাঁ

আব্দুল মান্নান মল্লিক

আজকে যদি থাকত কাছে
আমার প্রিয় মা
নয়ন ভরে দেখতাম আবার
শৈশবের সেই গাঁ
চাঁদ দেখিয়ে মন ভুলাত
কান্না পেলে রাতে
আঙুল দেখিয়ে বলত সোনা
এনে দিবো হাতে
মায়ের কোলে রোদ উঠেছে
সেগুন গাছের মাথায়
সেদিনের সেই কথা বলা
গোধূলি শেষ বেলায়
মায়ের কোলে গরুর গাড়ি
রাঙা মাটির পথে
গাঁ ছাড়িয়ে পাশের গাঁ-টি
মামার গাঁয়ের সাথে
ঐ দেখা যায় গাছের ফাঁকে
রেল লাইনের ধারে
আমার বাড়ি মামার বাড়ি
ছোট্টো মাঠের পরে


Saturday, 14 July 2018

আষাঢ়ে খরা (১৪২৫)

আষাঢ়ে খরা ( ১৪২৫ ) 

আব্দুল মান্নান মল্লিক

আষাঢ় মাসে নাইরে বৃষ্টি করি আপসোস 
মাটি পুড়ে তপ্ত তামা আনারসে নাই রস।
ঝনঝন বাজে গাছের ডাব একি হল হায়,
আষাঢ় নাকি চৈত্র মাস বুঝা ভীষণ দায়।
নাইরে বৃষ্টি হিমেল বায়ু অশ্রু শুকাই চোখে,
তপ্ত বাতাস স্বস্তি নাইরে ঘর্ম শুকাই ত্বকে।
মৃৎগর্ভে অঙ্কুর মরে শুকনো দিঘীয় শালুক
চাতক মরে জল তেষ্টায় তটে মরে ঝিনুক 
চিড় ধরেছে চাষের জমি চাষির গালে হাত 
রোদ নয়তো গগন ভেদি কোপের উল্কাপাত 
শুকনো পাতায় নূপুর বাজে চরে ভাবে বক,
পানকৌড়ি পুকুর পাড়ে পোহায় দুঃখ-শোক।
ঝিঙে ফোটে খালে বিলে পাড়ে বিষন্ন  তরু,
রাখাল কাঁদে জল তেষ্টায় গাঙে চরে গরু।
চলত যেথায় নৌকা ডিঙা চলে গরুর গাড়ি 
পায়ে হেঁটে আসা যাওয়া দিচ্ছে খাড়ি পাড়ি
গগন চেয়ে দিন গুনে যায় তেষ্টায় যায় প্রাণ,
বৃথাই আশা কান্নাকাটি বিফল অভিমান।
ভুলে গেছে মেঘদেবতা আষাঢ় মাসের কথা,
হারিয়ে গেছে প্রকৃতির সেই চিরাচরিত প্রথা।

Wednesday, 4 July 2018

√ মেঘলা দিনের কাব্যকথা

মেঘলা দিনের কাব্যকথা

আব্দুল মান্নান মল্লিক

মেঘলা আকাশ ছায়াতলে,
গাছের মাথা দোলে।
ঘাসের মাথায় রং ধরেছে,
রঙিন শুভ্র ফুলে।
মাতাল হাওয়া এলোমেলো,
বইছে চতুর্দিকে।
সবুজ বনের মাথায় মাথায়,
আকাশ রঙে ফিকে।
পলাশ কদম শখায় শাখায়,
পুকুর জলে পদ্মবাহার।
চোখ জুড়ানো সবুজ পাতায়,
ছাউনি চমৎকার।
বিহগ বিহগী জোড়া জোড়া,
আমড়া গাছের ডালে।
চঁচু খেলার আলিঙ্গনে,
প্রেমের কথা বলে।
অধরে অধর মাঠের শেষে,
আকাশ ছুঁয়ে ভুমি।
জল-কুয়াশায় সিক্ত হৃদয়,
যে যার অনুগামী।

Tuesday, 12 June 2018

ভোজবাজির এই দুনিয়াতে

ভোজবাজির এই দুনিয়াতে

আব্দুল মান্নান মল্লিক

বাড়তে থাকে দিন বাড়তে থাকে বয়স,
লোভে পাপ পাপে মৃত্যু বড়ই আপসোস।
কি আনন্দ কি আনন্দ মোহে পড়েছি ধরা,
লুয়ে লুয়ে চিত্ত শুকাই দু'চোখে নামে খরা।
মধুর আদল গরল পানে পড়ে গেছি বাঁধা,
স্বপ্ন নাকি আদত জীবন বিশ্ব গোলকধাঁধা।
কুহকী তুই প্রবঞ্চক তুই বাঁধলি ছলেবলে,
তোর উঠানে বন্দি আমি মোহ মায়াজালে।
বিশ্বটারে দেখতে চেয়ে শতরঞ্জের কারসাজি,
দুনিয়াটা বহুরূপী ঠকবাজি আর ভোজবাজি।
স্রোত বয়ে যায় সময় যত চতুর্দিকে ফাঁকা,
যেদিকে চায় ডাইনে বাঁয়ে আমি আস্ত বোকা।
তোর দুয়ারে বৃথাই আমি পুণ্য হিসাব করি,
ধন্য জীবন বিফল গেল পাপে ডুবে মরি।
কোথায় রত্ন সোনার খনি পঙ্কিল শুধু সার,
তোর উঠানে ঘুরে ঘুরে হলাম কদাকার।
শৈশবের সেই স্বপ্ন ছিল ভাবনা ছিল অনেক,
দিন ফুরানো সাঁঝের বেলায় ভাবতে উদ্বেগ।
রূপের জৌলুস ছুটে আসে প্রমোদ উল্লাস,
অভ্যন্তরে প্রবেশ করি নোংরামিতে বাস।
দিনের শেষে পারের গুটির অঙ্ক কষে দেখি,
সব হারিয়ে ফিরে পেলাম জলে ভরা আঁখি।

Monday, 7 May 2018

উন্মাদনায় কালবৈশাখী

উন্মাদনায় কালবৈশাখী

আব্দুল মান্নান মল্লিক

নীলিমা বিতান ছায়াতলে পাখিদের গান,
শতরূপে সাজানো জগৎ ভূস্বর্গের প্রাণ।
পবনে পাবকে শিতলায় একশায়,
নিনাদিতে ডাক দেয়ে নভ পশ্চিমায়।
প্রাতম্বরে আতসবাজি মহা উল্লাস,
অম্বুদের হাতে-হাত এলোরে প্রথম মাস।
শূন্যধাবন পথের ধুলো উদ্দাম বাতাসে,
মেঘপুঞ্জ এলোমেলো উড়ে যায় আকাশে।
ক্ষণেক্ষণে বক্রপথে আলোর ঝলক,
ভূপৃষ্ঠে ছিটকে পড়ে অগ্নি-ফলক।
কাঁচা আম গড়াগড়ি কালবৈশাখী ঝড়ে,
বৃন্তে-বৃন্তে বৃক্ষশাখে কে কার উপর চড়ে।
নজরকাড়া কৃষ্ণচূড়া স্বর্ণচাঁপার জৌলুশ,
সৃষ্টি শোভন লণ্ডভণ্ড বিশ্ব ক্লান্তে বেহুশ।
নির্মমতায় আছড়ে পড়িস ভূপৃষ্ঠে বাজ,
নভস্থলে রণ সাজে তুই যে গোলন্দাজ।

Wednesday, 7 March 2018

√ তোর পরশে কলুষিত

তোর পরশে কলুষিত

আব্দুল মান্নান মল্লিক

লাঞ্ছনা আর গঞ্জনা শুধু,
পেলাম কি মা তোর কাছে?
ভালোই ছিলাম সেদিন আমি,
ছোট্ট ঘরে পথের মাঝে।।

তোর উঠানে চলতে হয় ভয়!
দেখে-শুনে ডাইনে-বাঁয়ে।
জঞ্জাল ভরা উঠান পথে,
ছাঁদা বাধে পায়ে-পায়ে।।

জনসমুদ্র পথের ভিড়ে,
হৃদয় ধু-ধু কান্না ঘরে।
চলতে চলতে থমকে দাঁড়াই!
পাপ বিজনে পথের ধারে।।

জাদুর রাণী ছলনাময়ী,
বাঁধিস না আর মোহে।
তোর বুকেতে কলুষ আমি,
নোংরা মাখি দেহে।।

অবুঝ মনে ভুলের বসে,
উৎকণ্ঠায় তোরই বক্ষে।
কেমন করে ফিরবো ঘরে
সারা গায়ে নোংরা মেখে?

Wednesday, 7 February 2018

শ্যামা ফিঙের পরচর্চা

শ্যামা ফিঙের পরচর্চা

আব্দুল মান্নান মল্লিক

ডালে বসে ফিসফিস করে শ্যামা ফিঙে।
ফিঙে বলে ব্যাপারটা কি বলতো ভেঙে।
শ্যামা বলে চুপিচুপি ফিঙের কানে,
কেউ জানেনা তুই আর আমি সংগোপনে।
শুনবে নাকি নতুন খবর আরও কিছু?
কাকের বাসায় কোকিল ছানা এতকিছু।
ভালোবাসায় বড় করে বোকা কাক,
কোকিল ছাড়া শুনবে কে তার মা ডাক?
ফিঙে বলে বলবো নাকি আসল ঘটনা,
কাকের কানে বলবো সব তুই জানিস না।
তোর বাসাতে কোকিল ছানা মেলবে ডানা,
উড়বে যেদিন কেঁদেকেটে কুল পাবিনা।
চুপ-চুপ-চুপ চু---প! শ্যামা বলে বলতে মানা।
কি করতে কি যে হবে কিছুই জানিস না।
ওই যে কুহু ডাকছে কোকিল পাহারাদারি,
কাকের পিছে টিটকারি আর খবরদারি।
ফিঙে বলে থকব না চুপ করব ঘোষণা,
সব পাখিদের ডেকে বলব আসল ঘটনা।
ডাকবে কি আর মা-মা বলে কা-কা রবে,
কুহু-কুহু গান গেয়ে সে কোকিল হবে।
চুপ করিয়ে শ্যামা বলে কিছুই বুঝিস না,
আসল কথা বলব যদি ঘরে দিবে হানা।