বর্ষার বিদায় বেলা
আব্দুল মান্নান মল্লিক
এলরে এল, এল বৃষ্টি ওই,
ঘোলা জলে হাঁসেরা সব করছে থৈ থৈ।
বিদায় বেলার বর্ষা বাদল বৃষ্টি ঝরে পড়ে,
ওই যে শীতের উঁকি-ঝুঁকি মেঘের ভেলায় চড়ে।
ঢিবির উপর ইঁদুর কাঁপে পাখিরা গাছের ডালে,
সারিতে ব্যাঙ পুকুর পাড়ে পানকৌড়ি জলে।
এলরে এল, এল বৃষ্টি ওই,
আকাশ তলে মেঘের ছায়া সূয্যি মামা কৈ?
পুকুর পাড়ে জল উঠেছে ছলাৎ ছলাৎ ঢেউ,
প্রভাত কালের সূর্যটাকে দেখল না আজ কেউ!
যেদিকে চায় অস্ফুট দেখি সবুজ বেড়ায় ঘেরা,
এলোমেলো ঝড়ো হাওয়া মেঘেদের ঘোরাফেরা।
এলরে এল, এল বৃষ্টি ওই,
পাড়ার ছেলে পথের জলে করে হৈ-চৈ।
সারস কাঁদে সারসী কাঁদে বৃষ্টি ঝরা চোখে,
অনাহারে মাছরাঙাটি ভাবছে বৃক্ষ শাখে।
টোকা মাথে কাস্তে হাতে ফিরছে চাষী ঘরে,
ছেদি ভায়া ধানের খেতে কি জানি কি করে?
এলরে এল, এল বৃষ্টি ওই,
জলের মাঝে রুই কাতলা ডাঙায় উঠে কৈ।
No comments:
Post a Comment